ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করা বেল্লাল হোসেন (৪৫) মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির একজন। ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠি শহরের গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন অ্যাডভোকেট হায়দার হোসাইন। তিনি ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি ছিলেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম মামলার রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া।
পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি হয় হাইকোর্টে। ২০২০ সালের ১ মার্চ বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. শাহেদ নূরুদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামির মধ্যে বেল্লাল হোসেন এতদিন পলাতক ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জনতার কন্ঠ/এস এ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















