জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী পার্থ দাস। বিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে সে। এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে খুদে এই শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের ‘ক’ গ্রুপে অংশ নিয়ে নিজের চিত্রাঙ্কন প্রতিভার স্বাক্ষর রাখে পার্থ। প্রথমে বিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। এরপর উপজেলা পর্যায়েও প্রথম হয়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে। জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জনের ধারাবাহিকতা ধরে রাখে পার্থ। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে সে।
গত ২৫ অক্টোবর ২০২৬, রোববার সকালে অনুষ্ঠিত বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার এবং বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মো. আহসান হাবিব।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় পার্থ দাসের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় জাতীয় পর্যায়েও শিশুরা ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পার্থের এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই বিদ্যালয় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে প্রথম স্থান অর্জন করায় তার সৃজনশীলতা ও অধ্যবসায়ের প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।
এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলাফল অর্জন করে নিজের বিদ্যালয়, উপজেলা, জেলা ও বরিশাল বিভাগের সুনাম বয়ে আনবে পার্থ—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর। তাঁদের বিশ্বাস, যথাযথ উৎসাহ ও পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে একজন প্রতিভাবান চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এই খুদে শিক্ষার্থী।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















