নড়াইলের লোহাগড়ায় হাসানুর শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা মামুন শেখের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসানুর শেখ (৫৫) বয়রা গ্রামের সাত্তার শেখের ছেলে। অভিযুক্ত মামুন শেখ নিহতের চাচাতো ভাই হাফিজুর শেখ ওরফে হাজেলের ছেলে।
পুলিশ জানায়, হাসানুর শেখ বাড়ির পাশের জমিতে মঙ্গলবার বিকেলে সুপারিগাছের চারা রোপণ করেন। বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী ওই চারা গাছে পানি দিতে গেলে মামুন শেখেরে সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এসময় হাসানুর শেখ এগিয়ে গেলে তার সঙ্গে বাগ্বিতণ্ডা এক পর্যায়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে হাসানুর শেখকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















