চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ১ লাখ ৪০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং পৌর নায়েবে আমির মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠান শেষে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















