সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল সরকার।
তিনি পরিবার নিয়ে রায়গঞ্জ উপজেলার তেলিজানা এলাকায় শ্বশুর নুরনবীর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পাপ্পু সরকার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছে উঠে ডালপালা পরিষ্কার করছিলেন। এ সময় গাছের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করার পরই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















