নেত্রকোনার মদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানা পুলিশ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জিতু খাঁর ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রনেতা নবাবের দায়ের করা মামলায় আবুল বাশার খান এখলাছ এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মদন থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এখলাছের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















