নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১ সিপিসি-৩-এর যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সোনাইমুড়ী থানাধীন ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দারুর রাশাদ ইসলামিয়া মাদরাসার পূর্ব পাশে সিলেট থেকে নোয়াখালীগামী ‘সাগরিকা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) ও মো. জীবন (২২)। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
জনতার কণ্ঠ/এসএ

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 






















