নিত্যপণ্য আমদানি-রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা ‘শক্তিশালী’ করতে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বাংলাদেশের পক্ষে সই করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় দেশটির হাই কমিশনার ইমরান হায়দার ।
বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, সরকারি পর্যায়ে (জিটুজি) বাণিজ্য সহযোগিতার নতুন সুযোগ তৈরি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ।
এর আওতায় দুই দেশের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করা যাবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ দেখা গেছে।
এর আগে পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব পণ্যকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার ‘রেড লেন’ বা লাল তালিকায় রেখেছিল।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় পাকিস্তান থেকে আসা সব পণ্যকে ওই তালিকা থেকে অব্যাহতি দেয়।
এনবিআরের নির্দেশনায় বলা হয়, ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পাকিস্তান থেকে আসা সব ধরনের পণ্য রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে।
এর ফলে আগে পাকিস্তান থেকে আমদানি করা প্রতিটি চালান খালাসের আগে সহকারী কমিশনার বা উপকমিশনার পর্যায়ের কর্মকর্তার মাধ্যমে কায়িক পরীক্ষা করার বাধ্যবাধকতা উঠে যায়।
এরপর থেকেই পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে পণ্য আমদানির আলোচনা জোরালো হয়। বিশেষ করে চাল আমদানির বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞ ও নির্যাতনের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের টানাপড়েনের কারণ। স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশ দুটির সরাসরি বাণিজ্যিক সম্পর্কও সীমিত ছিল।
নতুন এ সমঝোতা সেই প্রেক্ষাপটে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্য সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করল।
তবে পাকিস্তান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্নও রয়েছে। বিশেষ করে দেশটির চালের উৎপাদন ও সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের মাত্রা এবং পাখির খাদ্য হিসেবে ঘোষণার আড়ালে নিষিদ্ধ পপি বীজ আমদানির ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে।
ফলে সমঝোতার আওতায় পণ্য আমদানি শুরু হলে সেগুলোর মান যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সমঝোতা স্মারকে সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে—সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল।
এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এই বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।
তবে সমঝোতা স্মারক সইয়ের অর্থ তাৎক্ষণিকভাবে এসব পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া নয় বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে।
এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি করে মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি চূড়ান্ত করা হবে।
বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।
এতে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চুক্তির কার্যকর বাস্তবায়নে টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ এবং বাণিজ্যিক প্রস্তাবের সময়োপযোগী মূল্যায়নের ওপর গুরুত্ব দেন বাণিজ্য সচিব।
পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, এ সমঝোতা দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা আরও সুসংগঠিত হবে।
তিনি বলেন, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত।
বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার টন চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে ইসলামাবাদ।
গত অক্টোবরে বাংলাদেশ থেকে আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছানোর কথাও তুলে ধরেন পাকিস্তানের হাই কমিশনার।
টিসিবি চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এই সমঝোতা কেবল আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশ হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এর লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।
সমঝোতা স্মারকটি সইয়ের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।
তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে সমঝোতা বাতিল করতে পারবে।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















