বছরের শেষ মাস ডিসেম্বরেই শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছে টানা ছুটি। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ ও শুরুর তারিখে রয়েছে ভিন্নতা।
প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। এসব প্রতিষ্ঠানে টানা ১৮ দিন বন্ধ থাকবে। অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন এবং মাদরাসায় ১৬ দিন পর্যন্ত টানা ছুটি থাকবে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন বন্ধ:
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবে। ূা
কলেজে সবচেয়ে বেশি ১৮ দিনের ছুটি:
সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বরের পর ২০২৭ সালের ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন বন্ধ থাকবে কলেজ।
মাদরাসায় ১৬ দিনের ছুটি:
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১১ ও ১২ ডিসেম্বর এবং পরে ২৫ ও ২৬ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকবে মাদরাসা।
আরও দুই দিন ছুটি পাওয়ার সুযোগ:
এদিকে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















