নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার প্রার্থীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রার্থী নিজের সমর্থকদের দিয়ে আচরণবিধিপরিপন্থি কাজ করালেও ওই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রয়োজনে সর্বোচ্চ ভোট পেয়েও যাতে তিনি নির্বাচিত হতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে।
প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচনের সময় ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। কোথায় কী ঘটনা ঘটছে, তা পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষও থাকবে।
এই নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্র ঠিক রাখতে পারলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ থাকবে না। এবার ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় আনসার সদস্যও মোতায়েন থাকবেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তা এবং শত শত মানুষের সামনে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের কপি সরবরাহ ও প্রদর্শন করা হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো আপস করবে না।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী নির্বাচন কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। ফলে আগের নির্বাচনের মান বজায় রাখা যাবে কি না, এমন প্রশ্ন রয়েছে। তবে রাজনৈতিক নেতাদের সহযোগিতা পেলে তা সম্ভব।
তিনি বলেন, নির্বাচন কমিশন একক প্রচেষ্টায় ভালো নির্বাচন করতে পারবে না। এ ক্ষেত্রে ভোটার, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক নেতারা নিজ নিজ এলাকার মানুষকে নির্বাচনী অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানালে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
পোস্টার-ব্যানারে ছেয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সংবিধান ও আইন সংশোধনের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। নির্বাচন কমিশন এ বিষয়ে পরামর্শ ও সুপারিশ করতে পারে। তবে তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশের মধ্যবর্তী সময়ে কমিশন আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়, সেটিই প্রয়োগ করতে পারে।
এ সময় সিইসিসহ অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















