বিয়ের জন্য উপযুক্ত পাত্র খোঁজাটা ইদানীং খুবই বিরক্তিকর ও ঝামেলার বিষয় মনে করেন তরুণীরা। সিভি দেখা বা ডেটিং অ্যাপ দিয়েও পাওয়া যায় না মনের মতো পাত্র। সঠিক জীবনসঙ্গী খুঁজতে এবার আস্ত এক গুগল ফর্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মার্কিন তরুণী এরিন প্যাটারসন। ৩৬ বছরের এই তরুণীর তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।
আমেরিকার নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা এরিন দীর্ঘদিন ধরে মনের মতো পারফেক্ট মানুষের খোঁজ করছিলেন। কিন্তু চিরাচরিত উপায়ে ব্যর্থ হয়ে তিনি নিজেই এক অভিনব উপায় বের করার সিদ্ধান্ত নেন। বানিয়ে ফেলেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। পাত্রের খোঁজে তার ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’- এ এরই মধ্যে ২৪১টি আবেদন জমা পড়েছে। আর এসেছে দেড় হাজারের বেশি মেসেজও।
পাত্র বাছাই করতে তিনি তৈরি করেন তিন পাতার একটি বিশাল অনলাইন প্রশ্নমালা। ফর্মে প্রার্থীর নাম, বয়সের পাশাপাশি দৈনন্দিন জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিয়ে ও সন্তান নিয়ে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছে। এমনকি কোনো একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার ক্ষমতা আছে কি না, তাও জানতে চেয়েছেন তিনি।
ফর্মে নিজের পছন্দও স্পষ্ট করেছেন এরিন। পাত্রকে অবশ্যই অবিবাহিত, খ্রিষ্টান এবং বয়স আটাশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে হতে হবে। তিনি এমন একজন দয়ালু ও উদার মনের মানুষ খুঁজছেন, যার মূল লক্ষ্য বিয়ের পিঁড়িতে বসা।
এরিনের এই ইউনিক আইডিয়া নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বজুড়ে সিঙ্গেলদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছে। কেউ তার উদ্যোগের প্রশংসা করেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে রসিকতাও করছেন।
আধুনিক যুগে পারফেক্ট পার্টনার খুঁজে পেতে প্রথাগত ডেটিং পদ্ধতি বাদ দিয়ে এরিন প্যাটারসনের ক্রিয়েটিভ আইডিয়াটি যে আগামী দিনে আরও অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
সূত্র: নিউইয়র্ক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 

























