নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক ঘটনায় একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) উপজেলার কেশারপাড় ও নবীপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। এর মধ্যে একজন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর নারী পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে মারা গেছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের বদির বাপের বাড়ির একটি বসতঘর থেকে ফাতেমা বেগম পপি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের রবিন উদ্দিনের স্ত্রী।
গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
অন্যদিকে, একই দিন সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের দেবীশিংপুর গ্রামের আলমের নতুন বাড়িতে আমেনা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি মৃত আবুল কাশেমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি কীটনাশক পান করেন। পরে তাঁর মৃত্যু হয়।
এদিকে, পৃথক দুটি ঘটনায় সেনবাগ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।
জনতার কন্ঠ/এস এ

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















