মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে চলেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাবেয়া ফাউন্ডেশন’।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে কাজ করছে সংগঠনটি। বিশেষ করে যমুনার দুর্গম চরাঞ্চলের অবহেলিত ও অসহায় মানুষের কাছে রাবেয়া ফাউন্ডেশন এখন মানবিক সহায়তার এক নির্ভরতার নাম।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিতি ও আস্থা অর্জন করেছে সংগঠনটি। মা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং জন্মস্থানের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ২০২২ সালে মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে রাবেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
প্রতিষ্ঠার পর থেকেই কাজিপুর উপজেলার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সংগঠনটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ:
রাবেয়া ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বিধবা ও অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করা হচ্ছে। পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণসহ বছরজুড়েই নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
শিক্ষা ও যুবসমাজের উন্নয়নেও ভূমিকা:
শুধু আর্থিক ও মানবিক সহায়তা প্রদান নয়, সামাজিক অবক্ষয় রোধ এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও কাজ করছে রাবেয়া ফাউন্ডেশন। যুব ও ছাত্রসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করছে সংগঠনটি।
ফাউন্ডেশনের এমন উদ্যোগ একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাচ্ছে, অন্যদিকে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে অনুপ্রাণিত করছে।
মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা:
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও রয়েছে রাবেয়া ফাউন্ডেশনের উল্লেখযোগ্য অবদান। সিরাজগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন এলাকার একাধিক মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি এসি, জেনারেটর, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় শিক্ষা বিস্তার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করছে ফাউন্ডেশনটি।
সরকারি নিবন্ধন লাভে কার্যক্রমে নতুন স্বীকৃতি:
রাবেয়া ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড, নিরলস প্রচেষ্টা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে সংগঠনটি। এ নিবন্ধন ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা দিয়েছে।
মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা:
রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যন্ত চরাঞ্চল থেকে শুরু করে কাজিপুরের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে মানবিক সহায়তার বার্তা।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় পরিবারকে স্বাবলম্বী করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রাবেয়া ফাউন্ডেশন।
আগামী দিনে নিজেদের কর্মপরিধি আরও বিস্তৃত করে বৃহত্তর জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় সংগঠনটি। একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে রাবেয়া ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
জনতার কণ্ঠ / কেএম

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 


















