সীমিত সংস্করণের নতুন ল্যান্ড রোভার ডিফেন্ডার ওক্টা এডিশন ওয়ান কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সানি দেওল। বিলাসবহুল গাড়ির প্রতি বরাবরই আগ্রহ থাকা ‘গদর ২’খ্যাত এই অভিনেতা এবার উচ্চক্ষমতাসম্পন্ন এই এসইউভির মালিকদের বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন।
সানি দেওলের নতুন গাড়ি কেনার খবরটি প্রকাশ্যে আসে ডিফেন্ডার ওক্টার আরেক মালিক ওম লম্বার্ডের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে। পোস্টে সানিকে এই বিশেষ গাড়ির মালিকদের দলে স্বাগত জানান তিনি। একই সঙ্গে অভিনেতার ব্যক্তিত্ব, দুঃসাহসিক মনোভাব এবং পাহাড়ের প্রতি ভালোবাসার প্রশংসা করেন।
ওম লম্বার্ড তার পোস্টে লেখেন, ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার ওক্টা ক্লাবে আরও একজন বড় তারকার আগমন। কিংবদন্তি অভিনেতা সানি দেওল এখন সীমিত সংস্করণের ডিফেন্ডার ওক্টা এডিশন ওয়ানের গর্বিত মালিক।’
তিনি আরও উল্লেখ করেন, বড় পর্দা থেকে হিমালয়ের মনোরম পাহাড় পর্যন্ত সানি দেওল প্রমাণ করেছেন, কিংবদন্তিরা কেবল পথ অনুসরণ করেন না, নিজেদের পথ নিজেরাই তৈরি করেন। এসইউভির প্রতি সানির আগ্রহ দীর্ঘদিনের এবং তিনি পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে পছন্দ করেন। নতুন এই গাড়িটি তার বিলাসবহুল গাড়ির সংগ্রহে আরও একটি আকর্ষণীয় সংযোজন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সানি দেওল। সিনেমা ও ওটিটি, দুই মাধ্যমেই একাধিক নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি। অ্যাকশন ও নাটকীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন এই অভিনেতা।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























