নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপর দুজনের বাড়ি চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ারহাট এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় থাকা অপরজনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়দের ধারণা, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















