ওয়েলিংটনে রানের পাহাড় গড়েও জয়বঞ্চিত হয়েছে ভারত। অনেক চেষ্টা করেও নিউজিল্যান্ডের প্রতিরোধ ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। টেস্ট ব্যাটিংয়ের চূড়ান্ত ছাপ রেখে ম্যাচ বাঁচিয়ে ফেলল কিউইরা। নিষ্ফলা ড্রয়েই তাই শেষ হলো দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শেষ দিন ৭৫ ওভার খেলে মাত্র ১২০ রান করে স্বাগতিকরা। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১২০ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৯ রান।
উইকেট নিতে না পেরে ম্যাচের এক ঘণ্টা বাকি থাকতেই ড্র মেনে নেয় ভারত। যার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ফাইনাল খেলার আশা অনেকটাই কমে গেল।
ম্যাচের শেষ দিন ৮ উইকেট হাতে রেখে ইনিংস পরাজয় এড়িয়ে লক্ষ্য দিতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৩৩ রান। সেই চেষ্টাও করেনি তারা; বরং পুরোপুরি টেস্ট মেজাজে খেলে দিন পার করে দেওয়ার পথেই হাঁটে তারা।
প্রথম ইনিংসে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ৩৬৮ রান করে নিউ জিল্যান্ড। জবাবে লোকেশ রাহুল ও রিশাভ পান্তের সেঞ্চুরির সঙ্গে আরও চার ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ছেড়ে দেয় ভারত। পরে ৩৫২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচিয়ে নেয় কিউইরা।
দিনের শুরুতেই অবশ্য ডেভন কনওয়ে (১৬৫ বলে ৬৫) ও রাচিন রবীন্দ্রর (১২৯ বলে ৩৭) উইকেট নিয়ে ভালো কিছুর আশা জাগায় ভারত। দ্বিতীয় সেশনে ফিরে যান ৫৪ বলে ১৫ রান টম ব্লান্ডেল।
এরপর আর উইকেট পড়তে দেননি গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। দুজন মিলে ২৫৮ বলে যোগ করেন ৬৩ রান। তাতেই হতাশ হয়ে ম্যাচ ড্রয়ের হাত বাড়িয়ে দেয় ভারত। ১৮৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন মিচেল। ফিলিপসের ব্যাট থেকে আসে ১২৬ রান।
সব মিলিয়ে ১২০ ওভারের মধ্যে ৪২টি মেডেন খেলে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এক ইনিংসে এটিই সর্বোচ্চ মেডেনের রেকর্ড। ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 
























