সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে বাইচ চলাকালে ধাক্কা লেগে তলিয়ে গেছে প্রতিযোগীতায় অংশ নেওয়া দুই নৌকা। এ সময় মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তলিয়ে যাওয়া একটি নৌকা উদ্ধার হলেও অপরটির সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে বাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো উপস্থিত হন। বাইচ চলার একপর্যায়ে সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় ধাক্কা লেগে দুটি নৌকাই তলিয়ে যায়। এক পর্যায়ে প্রতিযোগী দুই নৌকার বাইছালদের মধ্যে কথা-কাটাকাটির পর উভয়পক্ষ সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার উত্তেজনা থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, দুই নৌকার মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দুটি নৌকাই তলিয়ে যায়। এর মধ্যে একটি নৌকা উদ্ধার হয়েছে। অপর নৌকা এখনো ডুবে রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















