বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ছেলে শাবাব নাসিম রহমান দেশে ফেরার পর তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সে পর্যন্ত অভিনেত্রীর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান। তিনি জানান, নাসিমা খানের বড় ছেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বৃহস্পতিবার জানাজা ও দাফনের আয়োজন করা হবে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে ইতোমধ্যে দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন শাবাব।
নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ফলে জীবনের শেষ সময়ে দুই ছেলের কারও সঙ্গেই দেখা হয়নি এই অভিনেত্রীর।
গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ অভিনয়জীবনে বাংলা ও উর্দু ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসিমা খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























