ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিগার রুবেলের বিরুদ্ধে ১০টি এবং জোটনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রুবেল (৩০) ওরফে বিগার রুবেল এবং রিয়াজ (২৫) ওরফে জোটন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-১৪, তারিখ ২৩ অক্টোবর ২০২৬) ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এ সময় মোহাম্মদপুরের নবীনগর এলাকা থেকে বিগার রুবেল ও জোটনকে গ্রেপ্তার করা হয়।
এডিসি আরও জানান, গ্রেপ্তার বিগার রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
একই ধরনের অভিযোগে রিয়াজ ওরফে জোটনের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।