স্পেনের মধ্যাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে দেশটির রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চলন্ত একটি ট্রেন একই লাইনে থেমে থাকা অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে।
কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি ছিলো একই দিকের। পেছন থেকে আসা ট্রেনটি সামনে থেমে থাকা ট্রেনটিকে ধাক্কা দিলে দুটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেন দুটির একটি ছিল স্পেনের রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই ট্রেন। এটি মাদ্রিদ থেকে সেভিয়া শহরের দিকে যাচ্ছিল। অন্য ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও।
দুর্ঘটনা ঘটেছে মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিয়াকে সংযুক্তকারী রেলপথে। উদ্ধার তৎপরতা ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 
























