বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘মৌজা হি মৌজা’ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজক দিল রাজু মুক্তির সময় নিশ্চিত করেছেন। এর আগে ২০২৬ সালের ৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। এমনকি ২৭ নভেম্বর মুক্তির বিষয়টিও বিবেচনা করেছিলেন নির্মাতারা।
সম্প্রতি হায়দরাবাদে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমার সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে নতুন মুক্তির সময়সূচি জানান দিল রাজু। তেলুগু গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘সালমান খানের সঙ্গে আমাদের একটি সিনেমার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি আগামী মার্চে ঈদ উপলক্ষে মুক্তি পাবে। একইভাবে অক্ষয় কুমারের সঙ্গে একটি সিনেমার কাজও শেষ করেছি, যা ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।’
সালমান খানের সিনেমাটির নাম ‘মনস্টার’। অন্যদিকে অক্ষয় কুমারের ‘মৌজা হি মৌজা’ পরিচালনা করেছেন আনিস বাজমি। এতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রাশি খান্না।
দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহপ্রযোজনায় রয়েছে কেপ অব গুড ফিল্মস।
এর আগে সিনেমাটির সর্বভারতীয় পরিবেশনা স্বত্ব ৬০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ভারতের পরিবেশনার দায়িত্ব পেয়েছে পিভিআর আইএনএক্স পিকচার্স লিমিটেড।
এদিকে ‘মনস্টার’ সিনেমায় ভিন্ন এক লুকে দেখা যাবে সালমান খানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নয়নতারা ও মুজাম্মিল ইব্রাহিম। সিনেমাটি পরিচালনা করছেন বংশী পাইদিপল্লী। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক শিরিশ ও কুলদীপ রাঠোর। সহপ্রযোজক রাফি কাজী।
দিল রাজুর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’ এবং মার্চে ঈদ উপলক্ষে মুক্তি পাবে সালমানের ‘মনস্টার’।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























