জেমস বন্ড পাওয়া গেছে, এবার অপেক্ষা তার নায়িকার। ড্যানিয়েল ক্রেইগের পর ব্রিটিশ গুপ্তচর চরিত্র ‘০০৭’-এর দায়িত্ব পেয়েছেন রবার্ট প্যাটিনসন। নতুন এই বন্ডকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন আরেকটি প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল? হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন জেন্ডায়া, ফ্লোরেন্স পিউ, মার্গারেট কোয়ালি, সিডনি সুইনি ও লুপিতা নিয়ংওসহ ১০ জন।
জেমস বন্ড সিরিজে নারী চরিত্রের আকর্ষণ ও প্রভাব বরাবরই আলাদা। অতীতে এই চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন উরসুলা আন্দ্রেস, হনর ব্ল্যাকম্যান, হ্যালি বেরি, মিশেল ইয়ো ও ইভা গ্রিনের মতো তারকারা। রবার্ট প্যাটিনসনের নাম নতুন বন্ড হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকেই সম্ভাব্য অভিনেত্রীদের নিয়ে জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন ১০ জনের নাম তুলে ধরা হয়েছে।
সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে ভক্তদের আলোচনায় এগিয়ে রয়েছেন মার্গারেট কোয়ালি। ২০২৫ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে জেমস বন্ডের সংগীতনির্ভর বিশেষ পরিবেশনায় তার উপস্থিতি অনেকের নজর কেড়েছিল। কেউ কেউ সেটিকে ভবিষ্যতের বন্ড সিনেমার জন্য তার অনানুষ্ঠানিক অডিশন হিসেবেও দেখছেন।
কোয়ালি কোয়েন্টিন টারান্টিনোর সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের হরর সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছেন। ‘দ্য ডগ স্টারস’ সিনেমায়ও দেখা যাবে তাকে। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকব এলর্ডি, যিনি একসময় সম্ভাব্য জেমস বন্ড হিসেবে আলোচনায় ছিলেন। আগামী বছর হরর সিনেমা ‘পজেশন’-এর সহপ্রযোজনার দায়িত্বেও থাকছেন প্যাটিনসন ও কোয়ালি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কোয়ালি।
২. জেন্ডায়া
জেন্ডায়ার নামও সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে বেশ জোরেশোরে আলোচনায় রয়েছে। চলতি বছর রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘দ্য ড্রামা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমাতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।
আগামী মাসে মুক্তির কথা রয়েছে ‘ডিউন: পার্ট থ্রি’। ডেনিস ভিলনেভ পরিচালিত এই সিনেমাতেও প্যাটিনসনের সহশিল্পী জেন্ডায়া। মজার বিষয় হলো, নতুন জেমস বন্ড সিনেমাটিও পরিচালনা করবেন ভিলনেভ। ফলে প্যাটিনসনের সঙ্গে জেন্ডায়ার পর্দার রসায়ন নতুন সিনেমায় কাজে লাগতে পারে বলে ধারণা করছেন অনেকে।
৩. ফ্লোরেন্স পিউ
অস্কার মনোনয়ন পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউও সম্ভাব্য বন্ড গার্লের তালিকায় রয়েছেন। অ্যাকশন ও আবেগনির্ভর দুই ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘ব্ল্যাক উইডো’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা থাকায় বন্ড সিরিজের অ্যাকশন দৃশ্যেও তাকে মানাবে বলে মনে করছেন অনেকে।
৩০ বছর বয়সী এই অভিনেত্রীও ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয় করছেন। ফলে নতুন বন্ড সিনেমায় তাদের একসঙ্গে দেখার প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
৪. আনিয়া টেলর-জয়
সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন গোল্ডেন গ্লোবজয়ী আনিয়া টেলর-জয়। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী ‘দ্য কুইনস গ্যাম্বিট’ ও ‘ফুরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’র মতো আলোচিত কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন।
‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় প্যাটিনসনের সঙ্গে অভিনয় করবেন তিনিও। আগামী বছর ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গোলাম’ সিনেমায়ও প্রধান একটি চরিত্রে দেখা যাবে তাকে। সব মিলিয়ে নতুন বন্ড সিনেমার সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় তার নামও আলোচনায় রয়েছে।
৫. আদ্রিয়া আরজোনা
পুয়ের্তো রিকোতে জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী অভিনেত্রী আদ্রিয়া আরজোনাকেও বন্ড গার্লের চরিত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন সিনেমায় শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
‘অনস্লট’-এ অভিজ্ঞ সেনা স্নাইপারের ভূমিকায় অভিনয় করেছেন আদ্রিয়া। ‘দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার’-এ এফবিআই কর্মকর্তার চরিত্রে মাইকেল বি জর্ডানের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘হিট ম্যান’ সিনেমায় রহস্যময় ও আকর্ষণীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
৬. সিডনি সুইনি
২৯ বছর বয়সী সিডনি সুইনির নামও বন্ড গার্ল হিসেবে আলোচনায় রয়েছে। এমনকি সাবেক বন্ড অভিনেত্রী ট্রিনা পার্কসও মনে করেন, এই চরিত্রে সিডনি দারুণ মানাবেন। ১৯৭১ সালের ‘ডায়মন্ডস আর ফরএভার’ সিনেমায় শন কনারির বিপরীতে অভিনয় করেছিলেন ট্রিনা পার্কস। তার মতে, সিডনির মধ্যে পর্দায় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার ক্ষমতা রয়েছে।
টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে পার্কস বলেন, ‘দর্শকরা বন্ডের বিপরীতে এমন একজন নারীকে দেখতে চান, যিনি স্বাধীনচেতা এবং নিজের যৌনতার ওপর নিজের নিয়ন্ত্রণ রাখেন। সিডনির মধ্যে এই গুণগুলো রয়েছে।’ অন্যদিকে, ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন, তিনি জেমস বন্ড সিরিজের বড় ভক্ত। তবে নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি চিত্রনাট্যের ওপর নির্ভর করবে।
৭. ডেইজি এডগার-জোন্স
সম্ভাব্য বন্ড গার্লের আলোচনায় নতুন নাম ডেইজি এডগার-জোন্স। ২৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী সাম্প্রতিক সময়ে একাধিক কাজের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। ‘হোয়্যার দ্য ক্রাউড্যাডস সিং’, গ্রীষ্মকালীন ব্লকবাস্টার ‘টুইস্টার্স’ এবং সম্প্রতি জেন অস্টেনের ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’তে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বৈচিত্র্য ও জনপ্রিয়তার কারণে নতুন বন্ড সিনেমায় তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
৮. সিমোন অ্যাশলে
ব্রিটিশ অভিনেত্রী সিমোন অ্যাশলেও বন্ড গার্ল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হলে তিনি যে তা ফিরিয়ে দেবেন না, সেটি স্পষ্ট করেছেন। বন্ড সিনেমায় অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিমোন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই করব। সুযোগ এলে দেখা যাবে!’
‘ব্রিজারটন’ সিরিজের মাধ্যমে পরিচিতি পাওয়া সিমোন অভিনয় করেছেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমায়। আগামী বছর তাকে জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এও দেখা যাবে।
৯. জেমা চ্যান
৪৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জেমা চ্যানের নামও সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে আলোচনায় রয়েছে। জেমস বন্ডের জগতে অবশ্য তার আগেই প্রবেশ ঘটেছে। ‘০০৭ ফার্স্ট লাইট’ ভিডিও গেমে ড. সেলিনা ট্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘ক্রেজি রিচ এশিয়ানস’ ও মার্ভেলের ‘ইটারনালস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন জেমা। সম্প্রতি ‘দ্য ফাইভ-স্টার উইকেন্ড’ প্রকল্পেও কাজ করেছেন তিনি। তার সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতি নতুন বন্ড সিনেমার জন্য তাকে সম্ভাব্য প্রার্থী করে তুলেছে।
১০. লুপিতা নিয়ংও
সম্ভাব্য বন্ড গার্লের তালিকায় সর্বশেষ নাম অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ংও। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী এরই মধ্যে ‘দ্য ওডিসি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় চরিত্রে কাজের দক্ষতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে। গুপ্তচর চরিত্রে অভিনয়ের জন্য প্রয়োজনীয় অভিনয়ক্ষমতা ও পর্দায় উপস্থিতি তার রয়েছে বলেই মনে করছেন অনেকে।
তবে এই ১০ অভিনেত্রীর কাউকেই এখন পর্যন্ত নতুন জেমস বন্ড সিনেমার বন্ড গার্ল হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত প্যাটিনসনের বিপরীতে কাকে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের ঘোষণার জন্য।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























