কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটাররা যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল ও ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়।
এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনকে দৃঢ় অবস্থান নিতে হবে।
রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি হয়েছে। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না।
বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে স্কুল-কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত নয়।
বরং মানবিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত নাগরিক ও গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নাগরিক অধিকার সমান। বরং জ্ঞান, ভালো মানুষ হওয়া ও নৈতিকতার কারণে একজন মানুষের মূল্যায়ন বেশি হওয়া উচিত।
নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৯৯ সালে তার একটি উপ-নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন। ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবু হেনা। ভোট কারচুপির অভিযোগের পরও সেই ফলাফল ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল।
কাদের সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রে মানুষ যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল এবং ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। ভোটের অধিকার ও নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।
ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার ব্যয় বহন করা অনেক প্রার্থীর জন্য কষ্টকর উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের জন্য ভোটার তালিকা ছাপিয়ে দিতে পারে। এতে বিশেষ করে স্বল্প অর্থসম্পদের প্রার্থীরা উপকৃত হবেন।
রাজনীতিতে বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধীদের সম্মান করতে হবে। তাদের জীবন, মান-সম্মান, সম্পদ ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মতের বিরোধ হলেই কারও জীবন বা সম্পদের ওপর আঘাত করা উচিত নয়।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে অনেক সময় প্রতিকার পাওয়া যায় না। কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন সহজে যোগাযোগ করতে পারেন এবং অভিযোগ জানালে দ্রুত সাড়া ও প্রতিকার পান, সেই ব্যবস্থা করতে হবে।
এ সময় সিইসি, অন্য নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার কন্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















