ঠাকুরগাঁওয়ের ভূল্লী কুমারপুর স্কুল মাঠে আগামীকাল অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে ১ নং বড়গাঁও ইউনিয়ন থেকে বিশাল মোটরসাইকেল মিছিল বের করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রচারণামূলক তৎপরতা দেখা যায়।
রোববার (২৫ অক্টোবর) মিছিলটি ১ নং বড়গাঁও ইউনিয়ন থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূল্লী বাজার হয়ে লক্ষীরহাট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে মোট ১১৫টি মোটরসাইকেল ও ৩২টি অটোভ্যান অংশ নেয় বলে আয়োজকরা জানান।
এতে ১ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, আগামীকাল ভূল্লী কুমারপুর স্কুল মাঠে মির্জা ফয়সাল আমিনের সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমাবেশ সফল করার আহ্বান জানাতেই এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিল শেষে লক্ষীরহাট হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীকালের সমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান।
সমাবেশকে কেন্দ্র করে বড়গাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















