সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহগুলো তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
এর আগে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে লাশবাহী গাড়ির পাশে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাঁদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়। অবশিষ্ট সাতজনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার পর দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায়। এই পাঁচজনের চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অবশিষ্ট সাতজনের মরদেহ শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট বাংলাদেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা জানানো হয়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নওগাঁয় আনা পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো বিনা খরচে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















