সিরাজগঞ্জে নতুন বৈদ্যুতিক মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অন্তর্গত কাজিপুর সাব-জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার খামারগাঁতী গ্রামের বাবলু মণ্ডলের ছেলে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পল্লী বিদ্যুৎ সমিতি, কাজিপুর সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম।
তিনি বলেন, গোবিন্দপোটল গ্রামে নতুন মিটার স্থাপনের কাজে রাসেল ও তার সহকর্মীরা যান। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মনে করে রাসেল খুঁটিতে ওঠেন। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















