মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নগদ ৩৫ হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সংসদ সদস্য কামরুজ্জামান রতন ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়।
সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















