যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সম্ভাবনার কথা বলেছেন। আইওয়ার এক সমাবেশে সমর্থকদের তিনি বলেন, ডেমোক্রেটরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে জয় থেকে বঞ্চিত করেছে, তাই আবার প্রার্থী হওয়ার অধিকার তাঁর আছে বলে তিনি বিশ্বাস করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিউক্স সিটিতে সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে সাংবিধানিক বিধি-নিষেধ নিয়ে রসিকতা করেন। এরপর নির্বাচন তাঁর কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে, এই দীর্ঘদিনের মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন।
দ্য গার্ডিয়ানের উদ্ধৃতি অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, আমি জানি না। আমার মনে হয় আইন বলেছে, আমি ১০০ শতাংশ নিশ্চিত নই, তবে আমার ধারণা, আইন বলছে আমাকে আর প্রার্থী হতে দেওয়া হবে না।
’ এরপর তৃতীয় মেয়াদের সাংবিধানিক বাধা স্বীকার করে নিয়ে তিনি যুক্তি দেন, ২০২০ সালের নির্বাচনকে ঘিরে পরিস্থিতি তাঁকে আবার প্রেসিডেন্ট পদে লড়ার ভিত্তি দিয়েছে।
হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘একটা জিনিস অবশ্য আলাদা, দ্বিতীয়বারে ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কারণ আমরা তিনবার জিতেছি। তাই আমার মনে হয় আবার প্রার্থী হওয়ার অধিকার আমার আছে।’ সমাবেশের শ্রোতারা করতালি দেন।
বর্তমান মেয়াদের পরও পদে থাকার সম্ভাবনার কথা ট্রাম্প যে কয়েকবার তুলেছেন, এ মন্তব্য তাঁর সর্বশেষ। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী কাউকে দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে নিষেধ করে। ফলে নির্বাচিত হিসেবে তৃতীয় মেয়াদ অসাংবিধানিক। তাঁর মিত্ররা মন্তব্যগুলোকে রসিকতা বলে খাটো করলেও ট্রাম্প বারবার আরেকটি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনার কথা বলেছেন। সূত্র : ফাস্টপোস্ট

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























