অপরাধ জগতের পথ ছেড়ে নতুন পথে প্রত্যাবর্তন করলেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আত্মসমর্পনের মধ্য দিয়ে আলোর পথে ফিরলেন তারা।
আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।
তিনি বলেন, আমরা চেষ্টা করব যেন বাংলাদেশের যে সোশ্যাল কন্ট্রাকটির মাধ্যমে তাদেরকে যে অধিকার দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে অধিকার যেন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, আসলে সর্বহারা একা হয় না, যারা বিপ্লবকে অন্য অর্থে ব্যবহার করবে সে দায়িত্বটা আমাদের এটা রাষ্ট্রের একটি সরকারের। আপনারা সকলেই জানেন বর্তমান সরকার একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনারা আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনাদের কি প্রয়োজন, সেটা বর্তমান সরকার ব্যবস্থা করবে।
এসআরবি-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি‘র মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্মসমর্পনকারী চরমপন্থি সদস্যদের মাঝে নতুন জীবনের হাতছানি দিচ্ছিল। তারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরে অনেকটাই উচ্ছসিত ছিলেন।
পাবনা জেলার আইনুল হক, সুজানগরের আলম শেখ ও আতাইকুলা থানার বাবুলসহ চরমপন্থীরা বলেন, আমরা আঁধার জগতে ছিলাম। এসআরবিকে ধন্যবাদ, তারা আমাদের আলোর পথে নিয়ে এসেছে। আজকে আমাদের অনেক খুশির দিন। আমরা আগামি দিনগুলো স্বাভাবিকভাবে কাটাতে চাই।

রিপোর্টার: 
















