জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার সদর রোডের বালিঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানায় বিজিবি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং ডিএনসির একটি দল যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় হাবিব মন্ডলের বাড়ির এক ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় মাদকের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কক্ষের ভাড়াটিয়া জামাল হোসেন (৫০) সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে। তাকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযানের সময় পাঁচবিবি উপজেলার কমিশনার মো. আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে।

স্টাফ রিপোর্টার। জনতার কণ্ঠ.কম 

















