নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ-ছয় বছর আগে কামাল ও তানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি মেয়েকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেননি। এরপর থেকে তিনি ওই বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে রাতে ঘুমাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) মাদ্রাসার মাঠে কথা-কাটাকাটির একপর্যায়ে কামাল তার সাবেক শ্বশুর আমির হোসেনকে ইট দিয়ে আঘাত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন তার শ্যালক আকাশ (২০)। অভিযোগ রয়েছে, ওই রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালক ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 
























