জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২১৫ কেজি ওজনের কালো কষ্টিপাথরের একটি খণ্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও একটি মোবাইল ফোনসহ জব্দ করা মালামালের মোট মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এর আগে একই দিন রাত ১২টা ৫ মিনিটে জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারতের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের খণ্ডটি মজুত করে রেখেছে। পরে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এতে পুলিশ ও স্থানীয় প্রশাসন সহযোগিতা করে। অভিযানে পাথরটি উদ্ধার করা হয় এবং শ্রী কৃষ্ণকে আটক করা হয়।
আটক শ্রী কৃষ্ণ পাঁচবিবি উপজেলার খামারপাড়া গ্রামের ভবেন্দ্র কৃষ্ণের ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা কষ্টিপাথরটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে নিয়ে যাওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















