এক সময় শান্ত শহর হিসেবে পরিচিত ময়মনসিংহ এখন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে ব্যস্ততম সড়ক—কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না সাধারণ মানুষ। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। এমনকি যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে জিম্মি করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এর সঙ্গে একের পর এক হত্যাকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিপুলসংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরও মাদক এবং অপরাধের বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক এখন নিত্যদিনের সঙ্গী।
স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরবর্তী এলাকায় মাদকের আসর বসে। এসব স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা হয়। মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।
ময়মনসিংহ শহরের বাসিন্দা রিফাত আহমেদ বলেন, ‘দুপুর ১২টায় নগরীর বদরের মোড়ে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর একজন যাত্রীসহ একটি অটোরিকশা এলে আমি আরও তিনজনের সঙ্গে তাতে উঠি। কিছু দূর যাওয়ার পর অটোরিকশায় থাকা একজন ছুরি বের করে আমাকে বলে, ‘যা আছে সব বের কর, কোনো কথা বলবি না।’ ভয়ে নিজের কাছে থাকা মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা সবকিছু তাদের দিয়ে দিই। পরে চামড়াগুদাম এলাকায় পৌঁছালে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পুলিশের কাছে যাইনি, গেলেও কোনো লাভ নেই।’
পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলায় সংঘটিত ৯৬টি হত্যাকাণ্ডের ঘটনায় ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২২৫টি ধর্ষণের ঘটনায় ১৭৯ জন এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনায় ৫০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একই সময়ে জেলার ১৪টি থানায় ১ হাজার ২৯৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৬০ জনকে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা, ৬২০ গ্রাম হেরোইন, ২৭০ কেজি গাঁজা, ১ হাজার ৯১৭ লিটার দেশি মদ, ১ হাজার ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯০ লিটার ওয়াশ, ১ হাজার ৫২৯ অ্যাম্পল ইনজেকশন এবং ৪ হাজার ১০৮ পিস ট্যাপেন্টাডল।
চুরি-ছিনতাইয়ের শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনি ঝামেলা, সময়ক্ষেপণ ও নানা ভোগান্তির আশঙ্কায় অনেকে থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করতে চান না। কেউ সাধারণ ডায়েরি (জিডি) করেই ক্ষান্ত হন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পুলিশি টহলের ঘাটতি এবং চিহ্নিত অপরাধীদের জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাদের মতে, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সুজনের ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে মাদকের মূল আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও নাগরিক দুর্ভোগ আরও বাড়বে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শরীফুজ্জামান টিটু বলেন, নগরীতে দিন দিন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত অভিযান পরিচালনা না করলে চুরি, ছিনতাই, মাদক ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতা বন্ধ করা কঠিন হয়ে পড়বে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। শুধু আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। মাদকের উৎস ও সরবরাহ চক্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি নজরদারি, চুরি-ছিনতাইয়ের ঘটনায় দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















