‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’ ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়া মোছা. রুবিয়া পারভীনের এই আকুতি। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের স্ত্রী। গত পাঁচ বছরে স্ত্রীর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পরিবারের সঞ্চয় শেষ হয়েছে, জমেছে প্রায় ৫০ লাখ টাকার ঋণ। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
জানা যায়, ৩৭ বছর বয়সী রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয় ২০২২ সালে। তখন রোগটি তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। এরপর ঢাকায় চিকিৎসক ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে পরিবারে ফিরে আসে স্বস্তি। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।
ওয়ালিউর রহমান আকন্দ বিপুল জানান, ২০২৩ ও ২০২৪ সালে রোগটি আবার ফিরে আসে। সর্বশেষ ২০২৬ সালের পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। এ চিকিৎসায় প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।
এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যানসার হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। সেখানে ডা. সিওকের (SEOK) তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তিনটি ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল।
তিনি আরও জানান, স্ত্রীর চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চিত অর্থ এবং আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত তিনি। একজন শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও তিন সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন তিনি।
সম্প্রতি নিজের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সহযোগিতা কার্যক্রম শুরুর বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিয়া পারভীন। নিজের ফেসবুক পোস্টে চিকিৎসার দীর্ঘ লড়াই, স্বামীর ত্যাগ এবং সন্তানদের নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন তিনি।
পোস্টে রুবিয়া জানান, একদিন বিকেলে হঠাৎ তার নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবছিলেন। এর কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে ঢুকে তাকে নিয়ে একের পর এক পোস্ট দেখতে পান।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না আসলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের উদ্যোগ আমার কাছে গর্বের। তারা তাদের স্যারকে কতটা সম্মান করলে এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়।’
স্ত্রীকে সুস্থ করে আবার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়াই এখন ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের সবচেয়ে বড় চাওয়া। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সামনে চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























