স্বর্ণ রপ্তানির আগে নিজ দেশেই পরিশোধন করতে চায় পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ। এ লক্ষ্যে স্বর্ণ পরিশোধনাগার নির্মাণ ও সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ করছে ঘানা, গিনি, মালি ও বুরকিনা ফাসো। দেশগুলোর লক্ষ্য, দুবাইয়ের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে স্বর্ণ খাতের আয় নিজেদের অর্থনীতিতে ধরে রাখা।
রয়টার্সের ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে এসব দেশে চালু হওয়া ও ঘোষিত প্রকল্পগুলোর সম্মিলিত বার্ষিক পরিশোধনক্ষমতা এক হাজার টনের বেশি। অথচ পুরো পশ্চিম আফ্রিকায় বছরে স্বর্ণ উৎপাদনের পরিমাণ আনুমানিক ৫৮৫ টন। অর্থাৎ, উৎপাদনের তুলনায় পরিশোধনক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে।
স্বর্ণ পরিশোধনের মাধ্যমে দেশগুলো খনিজ সম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চায়। পাশাপাশি স্থানীয়ভাবে স্বর্ণের বাণিজ্য, রপ্তানি এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনাও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, প্রয়োজনের তুলনায় বেশি পরিশোধনাগার তৈরি হলে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে না। এতে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া কঠিন হতে পারে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রির জন্য প্রয়োজনীয় স্বীকৃতি, বিদ্যুৎ, অবকাঠামো, দক্ষ জনবল ও পর্যাপ্ত মূলধনের ঘাটতিও বড় বাধা। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি না থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে স্বর্ণ বিক্রিতে কম দাম পাওয়ার ঝুঁকি রয়েছে।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















