জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের খাস পাহনন্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে মো. মিজানুর রহমান (২৮), ত্রিপুরা গ্রামের মৃত ইসলামের ছেলে মো. জামাল খান (৪৭) এবং একই উপজেলার চেচড়া গ্রামের মৃত আপেল উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ নোমান, এসআই শাখাওয়াত হোসেন, এএসআই মো. সাজেদুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অংশ নেন।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের দলটি সদর থানার চকবরকত ইউনিয়নের খাস পাহনন্দা গ্রামে সুদেব মাহাতোর বাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমান, জামাল খান ও আব্দুর রশিদকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















