নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়িবাড়ি বাজারে এসব প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া খড়িবাড়ি বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা এবং সাদাপুর খড়িবাড়ি বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দ করা সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















