গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে সরকার। একই সঙ্গে নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, তথ্যমন্ত্রী আগের দিন সংসদে এ বিষয়ে কথা বলেছেন। নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। গণমাধ্যমের জন্য একটি নীতিমালা আসছে, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এটি বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগলেও খুব বেশি দেরি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
নীতিমালা তৈরিতে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রত্যেক রাজনৈতিক সরকারের নিজস্ব দার্শনিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি থাকে। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সরকারের এমন অবস্থান থাকা স্বাভাবিক। গণমাধ্যম কেমন হওয়া উচিত, তা নিয়ে সমাজে দীর্ঘদিন ধরে বিভিন্ন মত ও আলোচনা রয়েছে। সরকারেরও এ বিষয়ে নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সেসব বিবেচনায় নিয়েই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা:
প্রেস ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক।
জবাবে জাহেদ উর রহমান বলেন, অনিবন্ধিত গণমাধ্যম, বিশেষ করে অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন জায়গা থেকে সংবাদ কপি করে প্রকাশের প্রবণতা বেড়েছে। এটি প্রকৃত সাংবাদিকতার চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান গণমাধ্যম হিসেবে কার্যক্রম চালাতে পারবে না—এ বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এভাবে কার্যক্রম চলতে পারে না।
যোগ্য আবেদনকারীরা দ্রুত নিবন্ধন পাবেন:
এদিকে নিবন্ধনের জন্য আবেদন করেও যেসব অনলাইন পোর্টাল এখনো অনুমোদন পায়নি, তাদের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এক সাংবাদিক জানান, অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই শেষ না হওয়ায় প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
জবাবে জাহেদ উর রহমান বলেন, আবেদন করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিছু প্রশাসনিক জটিলতা বা প্রক্রিয়াগত বিলম্ব হয়ে থাকতে পারে। তবে যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের যোগ্য, তারা খুব বেশি দেরি ছাড়াই নিবন্ধন পেয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া আরও সুসংগঠিত করা এবং অনিবন্ধিত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা উঠে এসেছে।
জনতার কণ্ঠ / কেএম

রিপোর্টার: 




















