তিন দশকের বেশি সময় ধরে পোলিওবিরোধী অভিযান, আন্তর্জাতিক সহায়তায় শত শত কোটি ডলার ব্যয় এবং চার লাখের বেশি স্বাস্থ্যকর্মীর বিশাল কর্মীবাহিনী ব্যবহার করেও কোনো কিছুই পাকিস্তানকে এখনো পোলিওমুক্ত করতে পারেনি। প্রতিরোধযোগ্য এই রোগ নির্মূলে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ কর্মসূচি পরিচালনা করলেও বারবার টিকা দেওয়ার উদ্যোগের পরও ভাইরাসের বিস্তার থামানো যাচ্ছে না। এর পেছনে নিরাপত্তাহীনতা, অপপ্রচার কিংবা দুর্গম এলাকার পাশাপাশি রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার ঘাটতিও বড় কারণ হয়ে উঠেছে।
গত ৬ নভেম্বর পাকিস্তানের খাইবার জেলায় সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। ২০২৬ সালে দেশটিতে এটি নবম সংক্রমণের ঘটনা। এর মধ্যে সাতটি ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। নতুন এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, পোলিও নির্মূলের লক্ষ্য অর্জন কতটা কঠিন হয়ে উঠেছে।
পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচির পথে বাধাগুলো সুপরিচিত। নিরাপত্তাহীনতা, মানুষের স্থানান্তর এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক শিশুর কাছে পৌঁছাতে পারেন না টিকাদানকর্মীরা। অন্যদিকে, টিকা দিতে অস্বীকৃতি, অপতথ্য এবং ধর্মীয় ভুল ধারণার কারণে অনেক পরিবার সন্তানকে টিকা দেওয়া থেকে বিরত থাকে। তবে এসব কারণ দিয়ে সেই সব এলাকার পরিস্থিতি ব্যাখ্যা করা যায় না, যেখানে টিকাদান দল বারবার পৌঁছালেও পরিবারগুলো তাদের ফিরিয়ে দিচ্ছে।
সমস্যার গভীরে রয়েছে টিকার চেয়েও বড় একটি বিষয় হলো রাষ্ট্র, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জনগোষ্ঠীর মধ্যকার সম্পর্ক। এসব প্রতিষ্ঠানকে মানুষ কতটা বিশ্বাস করে, সেটিই এখানে গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রবিজ্ঞানী বো রথস্টেইনের যুক্তি অনুযায়ী, সরকারের প্রতি মানুষের আস্থা নির্ভর করে সরকারি প্রতিষ্ঠানগুলোর মান ও নিরপেক্ষতার ওপর। মানুষ সেই প্রতিষ্ঠানকেই বিশ্বাস করে, যেগুলোকে তারা ন্যায়সংগত ও নির্ভরযোগ্য হিসেবে অনুভব করে। শুধু যোগাযোগ বা প্রচারণার মাধ্যমে আস্থা তৈরি হয় না। জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকার ঘোষণা করলেই মানুষের সমর্থন পাওয়া যায় না; রাষ্ট্রের সঙ্গে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়েই সেই আস্থা গড়ে ওঠে।
পাকিস্তানের পোলিও কর্মসূচি এমন ব্যাপক পরিসরে কাজ করে, যা দেশটির খুব কম সরকারি প্রতিষ্ঠানই পারে। লাখ লাখ টিকাদানকর্মী নিয়োগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, টিকাদানের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বাদ পড়া শিশুদের কাছে বারবার ফিরে যাওয়ার ব্যবস্থা রয়েছে এতে। এই কর্মসূচি হাজার হাজার শিশুকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করেছে। পোলিও নির্মূলে এর ভূমিকা এখনো অপরিহার্য।
তবে এই সাফল্যের পাশাপাশি রয়েছে বড় ব্যর্থতাও। পোলিও টিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র প্রায় প্রতিটি পরিবারের কাছে যেতে পারলেও সেই সক্ষমতা নিয়মিত টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবস্থায় রূপ নিতে পারেনি।
দেশটির বিশেষ করে পিছিয়ে পড়া এলাকার অনেক পরিবারের কাছে পোলিও টিকাদানকর্মীরাই রাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগের একমাত্র মাধ্যম। বছরে কয়েকবার তাদের বাড়িতে গিয়ে শিশুকে পোলিও টিকা দিতে দেখা যায়। অথচ একই পরিবারের হয়তো কাছাকাছি কোনো সচল স্বাস্থ্যকেন্দ্র নেই, শিশুর নিয়মিত টিকা পাওয়ার সুযোগ নেই, নেই মাতৃস্বাস্থ্যসেবা কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। শিশুকে টিকা দিতে রাষ্ট্রের উপস্থিতি দেখা গেলেও সেই শিশু বা পরিবারের অন্য প্রয়োজনে রাষ্ট্রকে প্রায়ই খুঁজে পাওয়া যায় না।
পাকিস্তানের পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, নিজেদের দাবি আদায়ে কিছু জনগোষ্ঠী টিকাদান কর্মসূচি বর্জনকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
দক্ষিণ খাইবার পাখতুনখাওয়ায় এ প্রবণতা সবচেয়ে স্পষ্ট। বছরের পর বছর ধরে উপেক্ষিত দাবি পূরণের জন্য সেখানকার বিভিন্ন জনগোষ্ঠী পোলিও টিকাদান কর্মসূচি বর্জন করেছে। এসব বর্জনের পেছনে অপতথ্য বা ধর্মীয় বিরোধিতার ভূমিকা খুবই কম।
২০২৩ সালের ডিসেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছর দক্ষিণ খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন উপজাতীয় জিরগা ৬৭৭টি বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের পেছনে দাবিগুলোর মধ্যে ছিল বিদ্যুৎ, সড়ক, জীবিকার সুযোগ এবং বর্জ্য সংগ্রহের ব্যবস্থা।
পাকিস্তানের পোলিও সংস্থাগুলো নিজেরাও স্বীকার করেছে, নিজেদের সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণে জনগোষ্ঠীগুলো এই বর্জনকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে নিচ্ছে। টিকাদানের প্রতিটি পর্বই যখন নাগরিকদের মৌলিক সেবা পাওয়ার একমাত্র সুযোগ হয়ে দাঁড়ায়, তখন দায় শুধু স্বাস্থ্য কর্মসূচির নয়; বরং পুরো শাসনব্যবস্থার। কোনো কোনো এলাকায় কর্মসূচি বর্জনই সরকারের সাড়া আদায়ের একমাত্র কার্যকর উপায় হয়ে উঠেছে। জনগোষ্ঠীগুলোও বিষয়টি বুঝে গেছে।
টিকাদানকর্মীদের কাজের ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে। নারী টিকাদানকর্মীর সংখ্যা কম, দলের সদস্যদের ঘন ঘন পরিবর্তন এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার সময় পরিবারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি হয়। কেন একটি শিশুকে বারবার টিকা দিতে হয়, তা অনেক সময় অভিভাবকদের কাছে বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করতে পারেন না কর্মীরা। বিশেষ করে যেসব বাবা-মা মনে করেন, আগের অভিযানগুলোতেই পর্যাপ্ত টিকা দেওয়া হয়েছে, তাদের বোঝানো কঠিন হয়। এ ছাড়া পরিবারগুলোর উদ্বেগ ও বাস্তবতা বোঝেন এমন স্থানীয় আস্থাভাজন ব্যক্তিদের কাজে লাগানোর ক্ষেত্রেও কর্মসূচির ঘাটতি রয়েছে।
তবে প্রশিক্ষিত ও দক্ষ টিকাদান দল দিয়েও নির্ভরযোগ্য সরকারি সেবার অনুপস্থিতি পূরণ করা সম্ভব নয়। বারবার টিকাদানকর্মীদের বাড়িতে যাওয়া কোনো কোনো পরিবারের কাছে বিরক্তিকর চাপ হিসেবেও দেখা দিতে পারে। যেসব পরিবার নিজেদের জীবনে উন্নতির তেমন কোনো চিহ্ন দেখে না, তাদের কাছে প্রতিবার টিকাদানকর্মীর উপস্থিতি এই বার্তাই দেয় যে রাষ্ট্র শুধু একটি রোগ ও একটি কর্মসূচি নিয়েই চিন্তিত, তাদের সন্তানদের সামগ্রিক কল্যাণ নিয়ে নয়।
এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হলো, টিকাদানকে আরও বিস্তৃত ও ধারাবাহিক জনস্বাস্থ্যসেবার অংশ করা। এ জন্য নিয়মিত টিকাদান কর্মসূচি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হবে। পোলিও কর্মসূচির মাধ্যমে গড়ে ওঠা বাড়ি বাড়ি পৌঁছানোর সক্ষমতা কাজে লাগিয়ে নিয়মিত টিকাদানের বাইরে থেকে যাওয়া শিশুদের শনাক্ত করতে হবে এবং তাদের পরিবারকে নিয়মিত স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করতে হবে।
এ জন্য প্রয়োজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ, সহজে পৌঁছানো যায় এমন স্বাস্থ্যকেন্দ্র এবং ধারাবাহিক চিকিৎসাসেবা। শুধু পোলিও অভিযানের সময় সাময়িকভাবে কিছু অতিরিক্ত কার্যক্রম চালু করলেই হবে না; জেলা স্বাস্থ্যব্যবস্থার নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে টিকাদান নিশ্চিত করতে হবে।
এ সমস্যার পেছনে পোলিও কর্মসূচি ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতাও রয়েছে। বছরের পর বছর ধরে জাতীয় ও প্রাদেশিক জরুরি পরিচালনা কেন্দ্রগুলো (ইমার্জেন্সি অপারেশন সেন্টার) আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে পরিচালিত একটি সমান্তরাল কাঠামো হিসেবে কাজ করছে। টিকাদান অভিযানের দিনগুলোতে এসব কেন্দ্র বিপুল অর্থ ও জনবল কাজে লাগাতে পারলেও পাশাপাশি থাকা প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলো অর্থসংকট ও প্রশাসনিক জটিলতায় ভুগছে।
পোলিও কর্মসূচিকে বড় পরিসরে পরিচালনার জন্য যে বিশেষ অর্থায়ন, জনবল, নজরদারি ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠেছে, সেগুলো প্রদেশগুলোর স্থায়ী স্বাস্থ্য অবকাঠামোর সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অন্যান্য সমস্যা তুলে ধরার কার্যকর পথ তৈরি করতে হবে। এসব ব্যবস্থা টিকাদান কর্মসূচির ওপর নির্ভরশীল হলে চলবে না। অন্যথায় সরকার নিজের অজান্তেই জনগণকে এই শিক্ষা দেবে যে বিদ্যুৎ, পানি কিংবা সড়কের মতো মৌলিক সেবা পেতে হলে শিশুদের টিকা দেওয়া থেকে বিরত থাকাই কার্যকর কৌশল।
এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা, বিধিবিধান ও সমন্বয় মন্ত্রণালয়, প্রাদেশিক সরকার বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার এবং আন্তর্জাতিক দাতাদের। প্রতিটি টিকাদান পর্বে কত শিশু টিকা পেল, শুধু তা দিয়ে সাফল্য মাপলে চলবে না; জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সক্ষমতা কতটা বাড়ল, সেটিও বিবেচনায় নিতে হবে।
পোলিও নির্মূলের জন্য টিকাদান অভিযান জরুরি। আরও প্রশিক্ষিত ও প্রতিনিধিত্বশীল কর্মী দলও প্রয়োজন। তবে অভিযানের বাইরেও যে বিষয়টি অপরিহার্য, তা হলো, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা, যা টিকাদানের পরবর্তী সময়েও শিশুদের সুরক্ষা দেবে।
টিকাদানকর্মী যখন কোনো বাড়ির দরজায় যাবেন, তখন পরিবারের কাছে তার উপস্থিতি এমন একটি রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত, যে রাষ্ট্র তাদের সন্তানদের সুরক্ষা দেয় এবং তাদের সমস্যার কথাও শোনে। সেই বাস্তবতা তৈরি না হওয়া পর্যন্ত পাকিস্তানে পোলিওবিরোধী অভিযান চলতে পারে, কিন্তু রোগ নির্মূলের পথে বাধা হয়ে থাকা পরিস্থিতির পরিবর্তন হবে না।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























