গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গেটে তালা ও ভিসিকে নিজ দপ্তরে অবরুদ্ধ করে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪১/৪৮৮। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গাছা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আব্দুল আউয়াল সরদারকে।
এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উপকলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা সম্পা এবং অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হক।
তবে মামলার বাদী মো. সালাহ্ উদ্দিনকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাগিনা বলে দাবি করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন। তাদের অভিযোগ, বাদী আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ এবং বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত। তারা তাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এমন একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করায় আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা স্পষ্ট হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতি ও সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























