অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের কাজে নিয়োজিত ফিলিস্তিনিদের ওপর এক দিনে ২২টি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার পাঁচটি গভর্নরেটে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশন জানিয়েছে, হামলাগুলোর মধ্যে ছিল পাথর ও মরিচের গুঁড়ার স্প্রে দিয়ে আক্রমণ, তাজা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার, গ্রেপ্তার এবং জলপাইয়ের ফসল ও কৃষি সরঞ্জাম লুটের ঘটনা।
হেবরনের তেল রুমেইদা এলাকায় জলপাই সংগ্রহের সময় একটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। এতে পরিবারের পাঁচ সদস্য আহত হন। এ সময় তাদের সংগৃহীত জলপাইও নিয়ে যাওয়া হয়।
সালফিত এলাকায় এক কৃষককে মারধর এবং তার কৃষিকাজের যানবাহন ক্ষতিগ্রস্ত করার পর হাসপাতালে নেওয়া হয়। বেথলেহেমে জলপাই সংগ্রহের কাজে নিয়োজিত তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ফিলিস্তিনি কৃষকদের সহায়তা করতে আসা কয়েক ডজন বিদেশি অধিকারকর্মীকে আটক করা হয়।
রামাল্লাহ ও নাবলুসেও হামলার খবর পাওয়া গেছে। এসব এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা ফিলিস্তিনি কৃষকদের জমি থেকে সরিয়ে দেয় এবং জলপাই সংগ্রহের কাজ শেষ করতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে জাতিসংঘের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে জলপাই সংগ্রহ মৌসুমকে কেন্দ্র করে বসতি স্থাপনকারীদের ২৭২টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে নথিভুক্ত এসব হামলার সংখ্যা ২০২৪ ও ২০২৫ সালের পুরো জলপাই সংগ্রহ মৌসুমের মোট হামলার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
জনতার কন্ঠ. এস এ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























