নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট দক্ষিণ বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. হোরন মিয়া (৩৮) নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কানকিরহাট দক্ষিণ বাজারে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মায়ের দোয়া’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হোরন মিয়া সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মধু মৌলভীর পুরাতন বাড়ির ওলি মিয়ার ছেলে। তিনি কানকিরহাট বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন। স্থানীয় যুবদলের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসন্তান রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জেরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান হোরন মিয়া। পরে সেখানে তাঁর ব্যবহৃত মুঠোফোনে ভিডিও কল চালু থাকা অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সকালে দোকানের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 




















