ভারতের জনপ্রিয় ক্রাইম ধারাবাহিক ‘সিআইডি’ এবং ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর কারিগর ব্রিজেন্দ্র পাল সিং বা বিপি সিং। দীর্ঘ সময় ধরে ভারতীয় টেলিভিশনে কোটি কোটি দর্শককে রোমাঞ্চ উপহার দেওয়া এই কিংবদন্তি নির্মাতা গত ২৭ অক্টোবর ২০২৬ সালে ৭৭ বছর বয়সে মুম্বাইতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি তার বর্ণিল কর্মজীবনে এমন কিছু অজানা ও বিস্ময়কর তথ্য রয়েছে, যা অনেকেরই অজানা।
কর্মজীবনের শুরুতে তিনি কোনো পরিচালক বা প্রযোজক ছিলেন না। ১৯৭৩ সালে দূরদর্শনে নিউজ ক্যামেরাম্যান হিসেবে পেশাদার জীবন শুরু করেছিলেন তিনি।
টেলিভিশন ইতিহাসে দারুণ এক রেকর্ড গড়েছিলেন এই নির্মাতা। ‘সিআইডি’র একটি বিশেষ পর্ব ‘দ্য ইনহেরিটেন্স’ বা ‘সিআইডি ১১১’ একটানা ১১১ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৫১ মিনিট কোনো কাট ছাড়াই সিঙ্গেল শটে শুটিং করেছিলেন তিনি। টেলিভিশন ইতিহাসের দীর্ঘতম কন্টিনিউয়াল শটের জন্য এটি গিনেস বুক এবং লিমকা বুক অব রেকর্ডসে স্থান পায়।
ক্রাইম ও হরর ঘরানার বাইরেও কাজের মুনশিয়ানা দেখিয়েছেন বিপি সিং। ভারতের প্রথম দিককার মুকাভিনয় বা নির্বাক কমেডি সিরিজ ‘গুটুর গু’ প্রযোজনা করেছিলেন তিনি।
‘সিআইডি’র বিখ্যাত চরিত্র ‘দয়া’ অর্থাৎ দয়ানন্দ শেট্টিকে সবার সামনে এনেছিলেন বিপি সিং। একটি ডিসকাস থ্রো প্রতিযোগিতায় তাকে প্রথম আবিষ্কার করে অভিনয়ে নিয়ে আসেন এই নির্মাতা।
শুধু ছোট পর্দায় ডিসিপি চিত্রোলে চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। ২০১২ সালে সাইফ আলী খানের সাড়া জাগানো বলিউড স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘এজেন্ট বিনোদ’-এ ‘র’ বা ‘RAW’ প্রধান হাসান নওয়াজের চরিত্রে অভিনয় করেছিলেন বিপি সিং।
শিক্ষাজীবনে তিনি পুনের বিখ্যাত ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া’ বা ‘এফটিআইআই’-এর ছাত্র ছিলেন। পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























