বর্তমানে বলিউডে যে কটি পাওয়ার কাপল আছে তাদের অন্যতম জনপ্রিয় ও আলোচিত শাহিদ কাপুর ও মীরা রাজপুত জুটি। সুখী ও পারফেক্ট কাপল হিসেবে বলিউডে তাদের সুনাম রয়েছে। আপাতদৃষ্টিতে তাদের সংসার নিখুঁত ও সুখী মনে হলেও, প্রেম থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা পর্যন্ত এই জুটির যাত্রাপথে রয়েছে দারুণ সব কৌতূহলজনক মোড়।
সম্প্রতি এক রিয়েলিটি শোতে এসে নিজেদের সম্পর্কের অজানা ও মজার কিছু গল্প শেয়ার করেছেন এই তারকা দম্পতি, যা শুনে রীতিমতো চমকে গেছেন ভক্তরা। সম্পর্কের শুরুটা হয়েছিল একেবারে ফিল্মি কায়দার বাইরে। কোনো পার্টি বা শুটিং সেটে নয়, বরং একটি ধর্মীয় সংগঠনের সুবাদে দুই পরিবারের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। দিল্লির এক বন্ধুর ফার্মহাউসে প্রথমবার মুখোমুখি বসেছিলেন তারা। বয়সের তফাত থাকলেও প্রথম আড্ডাই গড়ায় টানা সাত ঘণ্টার দীর্ঘ আলাপে।
ওই পডকাস্টে শাহিদ জানান, মীরার চোখের বাদামি আভা দেখেই তিনি বুঝেছিলেন এই মেয়েটিই তার জীবনসঙ্গী হওয়ার জন্য উপযুক্ত। মাত্র ৩-৪ বার দেখা করার পরই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন।
প্রথম সাক্ষাতের সেই দিনটিতেই ঘটেছিল এক অদ্ভুত কাণ্ড। টানা কয়েক ঘণ্টা কথা বলার পর শাহিদ হঠাৎ নিজের অভিনব জুতো দেখিয়ে মীরাকে ছবি তুলতে বলেন। সেই জুতো অন্ধকারে আলো পড়লে চকচক করত। ২০ বছরের তরুণী মীরা তো হবু স্বামীর এমন অদ্ভুত আবদারে একেবারে তাজ্জব বনে গিয়েছিলেন! শুধু তাই নয়, মীরার দিল্লির বাড়িতে যখন প্রথমবার হবু শ্বশুরের সামনে যান, তখন ‘উড়তা পাঞ্জাব’-এর জন্য শাহিদের চুল ছিল সবুজ রঙ করা।
শ্বশুরের সেই অবাক হওয়া অভিব্যক্তি আজও ভোলেননি অভিনেতা। পরবর্তী সময়ে বিয়ের পিঁড়িতে বসা, দুই সন্তান মিশা ও জাইনকে নিয়ে সংসার—সব মিলিয়ে বয়সের বিশাল ফারাক ও ভিন্ন জীবনধারার পরও পারস্পরিক সম্মান আর গভীর বোঝাপড়ায় তারা আজ বলিউডের এক অন্যতম সেরা ও অনুপ্রেরণাদায়ক দম্পতি।
শাহিদ কাপুরের ক্যারিয়ারের অন্যতম আলোচিত বিষয় ছিল করিনা কাপুরের সঙ্গে তার অতীত প্রেমের সম্পর্ক। তবে সব ছাপিয়ে মীরাকে নিয়েই এখন সুখের সংসার ‘জব উই মিট’ তারকার।
জনতার কন্ঠ/এস এ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























